
পবিত্র ঈদ উল ফিতর-২০২৬ উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় শিদলাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মোট ১ হাজার ২ শত ৭৯টি সুবিধাভোগী পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম, ইউনিয়ন পরিষদের সচিব মোসাঃ হালিমা খাতুন, হিসাব সহকারী লোকমান হোসেনসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত জনপ্রতিনিধিরা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








