
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বুড়িচংয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক সিএনজিচালকের পথরোধ করে মারধর, গালমন্দ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চালের বস্তায় অবৈধ মালামাল রয়েছে দাবি করে চালকের পরিচয় জানতে চান অভিযুক্তরা। এ সময় তাঁদের পরিচয়পত্র দেখতে চাইলে চালককে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ জানায়, বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে এ ঘটনা ঘটে। সিএনজিচালক মো. আবু কাউছার (৪০) চালের বস্তা নিয়ে বাড়ি ফেরার পথে তিনজন তাঁর অটোরিকশার গতিরোধ করেন। এ সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁরা চালের বস্তায় অবৈধ মালামাল রয়েছে বলে দাবি করেন।
অভিযুক্তদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে আবু কাউছার তাঁদের পরিচয়পত্র দেখতে চান। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা চালককে গালমন্দ, ভয়ভীতি প্রদর্শন ও চড়-থাপ্পড় মারেন। এ ছাড়া প্রায় ১০ থেকে ১৫ মিনিট তাঁর সিএনজিচালিত অটোরিকশাটি আটকে রাখেন।
পরে আবু কাউছার বুড়িচং থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা এর আগেও ডিবি পরিচয়ে বিভিন্ন ধরনের অভিযান চালানোর কথা জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মৃত রুহুল আমিনের ছেলে মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩), রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) এবং একই এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. এনামুল হাসান (১৯)।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC