
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লার বরুড়া উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—জুনাইরা ও তাসলিমা আক্তার। তারা কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের যমজ সন্তান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশেই খেলছিল শিশু দুটি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে বাড়ির পাশের পুকুরে শিশু দুটিকে পানিতে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
একসঙ্গে যমজ দুই সন্তানকে হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোক। মর্মান্তিক এ ঘটনায় কাছিয়াপুকুরিয়া গ্রামসহ আশপাশের এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC