
কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ একটি কোচের দুই পাশের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন এবং যাত্রা ব্যাহত হয়।
ঘটনার পর যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হয়।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, ট্রেনটির একটি কোচের চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়। পরবর্তীতে কয়েকজন যাত্রীকে বিকল্প বাহনে তাদের গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে লাইনচ্যুত কোচটি উদ্ধারের কাজ চলছে। কোচটি সরিয়ে দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।









