
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
কুমিল্লার দেবীদ্বারে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্কুলছাত্র আবু বকরকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা মো. মনিরুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারক্রিত মনিরুল ইসলাম দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি দেবীদ্বার পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং দেবীদ্বার বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্কুলছাত্র আবু বকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি।
প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট দেবীদ্বার কলেজ রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একদল সন্ত্রাসী স্কুলছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় আহত আবু বকরের বাবা মো. আবুল খায়ের বাদী হয়ে ২০২৪ সালের ১১ আগস্ট কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, তার ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ মোট ৭৩ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়।
ওই মামলায় আওয়ামী লীগ নেতা মো. মনিরুল ইসলামকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। গুরুতর আহত আবু বকর বর্তমানে বাকপ্রতিবন্ধী হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC