
রাইজিং কুমিল্লা ডেস্ক

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও রোগীসেবার মান যাচাই করতে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ সময় দায়িত্বে অবহেলা ও নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ৯টায় পূর্বঘোষণা ছাড়াই দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রায় দেড় ঘণ্টা হাসপাতালে অবস্থান করে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালামসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে হাসপাতালের ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য। পরে দায়িত্বে অবহেলা এবং নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগে সংশ্লিষ্ট পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালেও নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত ছিলেন না মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালট্যান্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালট্যান্ট কাজী আয়শা সিদ্দিকা। এ কারণে তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে।
পরিদর্শন শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, “হাসপাতালে কিছু অনিয়ম চোখে পড়েছে। কয়েকজন চিকিৎসক অবহিতকরণ ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাদের শোকজ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে চিকিৎসকদের নিয়ে ব্রিফিং করবেন এবং উপস্থিতির তালিকা নিয়মিত পাঠাবেন। যারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।”
তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা উন্নত করতে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম জানান, নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া এবং দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC