
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই অটোরিকশা চালক নিহত হন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা পেশায় অটোরিকশা চালক ছিলেন।
ওসি মো. ইকবাল বাহার মজুমদার জানান, মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে একই দিনে ভোরে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারে একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই পরিবহনের দুই চালক নিহত হন। এ সময় আরও একজন আহত হন।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC