
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার জিংলাতলী গ্রামের নজরুল ইসলাম (৬২) ও তাঁর স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায় শেষে প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ওই দম্পতি। হাঁটার একপর্যায়ে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর মসজিদের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা ছিটকে সড়কের পাশে পড়ে যান।
দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাঁদের রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত একটি যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘাতক যানবাহনটি শনাক্ত ও চালককে আটক করতে মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC