বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দারসহ গ্রেপ্তার ৭

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দারসহ গ্রেপ্তার ৭/ছবি: কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের সৌজন্যে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের লক্ষীপুর গ্রামের সড়কের মাথা এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ডাকাত চক্রের সদস্যরা। এ সময় নীল-হলুদ রঙের রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি পিকআপ গাড়িসহ ৭ জনকে আটক করা হলেও আরও ৭-৮ জন ডাকাত কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডাকাত চক্রের সর্দার মোঃ সাদ্দাম হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ সাদ্দাম হোসেন (৩২), দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মৃত ওয়াদুদ মিয়ার ছেলে, মোঃ সুমন (৩০), কুমিল্লা কোতয়ালী উপজেলার আলেখারচর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে, মোঃ দুলাল মিয়া (২৮), কুমিল্লার বুড়িচং উপজেলার আলতাব আলীর ছেলে, মোঃ সোলেমান রুবেল (৩৫), ফেনী জেলার সদর উপজেলার রামপুর গ্রামের আবুল কাসেমের ছেলে, ফকির আহমেদ আলাউদ্দিন (৫৫), নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে, মামুনুর রশিদ সোহাগ (৩৫), লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে, মোঃ শাহীন (২৫), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বজলু বাজার গ্রামের শাহজাহানের ছেলে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, এ ঘটনায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর, চাঁদপুর ও লক্ষীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

আরও পড়ুন