
রাইজিং কুমিল্লা ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত ৩টার দিকে মহাসড়কের হাসানপুর তাসফিন পাম্পের উল্টো দিকে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই গ্রামের আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), বিরাপুর উপজেলার ভাইঘর এলাকার পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) এবং রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল চালবোঝাই ট্রাকটি। ভোররাত ৩টার দিকে দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং আরও ছয়জন আহত হন।
পরে স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
ওসি ইকবাল বাহার জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ অভিযান চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল আমিন বলেন, চালবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে দাউদকান্দির হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, হতাহতরা সবাই ট্রাকটির ওপর অবস্থান করছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC