
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
কুমিল্লার দাউদকান্দিতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন ও ওমর সানি নামে দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। আজ বুধবার দুপুরে দাউদকান্দি মডেল থানা পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত যুবকের নাম সাইদুল ইসলাম (২১)। তিনি মালিগাঁও গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম নেশাগ্রস্ত ছিলেন এবং এলাকায় হাঁস-মুরগি ও বিভিন্ন জিনিস চুরি করে নেশার টাকা জোগাড় করতেন—এমন অভিযোগ রয়েছে। সম্প্রতি একই পাড়ার আবদুর রাজ্জাকের একটি হাঁস চুরি হয়। এ ঘটনার পর গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাইদুল ইসলাম তার কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাকে চোর সন্দেহে আবদুর রাজ্জাকসহ ৩-৪ জন ধরে নিয়ে যান।
অভিযোগ রয়েছে, তারা সাইদুলকে ধরে এনে ‘তুই হাঁস চুরি করছিস, হাঁস এনে দে’ বলে শারীরিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে মারধরের ফলে সাইদুল অচেতন হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে। পরে আজ বুধবার মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত সাইদুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জসিম উদ্দিন ও ওমর সানি নামে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC