বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যা, গ্রেফতার জামাতা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Mother-in-law drowned to death in Titas, Comilla, son-in-law arrested
কুমিল্লার তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যা, গ্রেফতার জামাতা/ছবি: র‌্যাব-১১ এর সৌজন্যে

কুমিল্লার তিতাস উপজেলায় শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

আজ  সোমবার (২২ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-২।

র‌্যাব-১১ সূত্র জানায়, গত ১০ অক্টোবর ২০২৫ তারিখে কুমিল্লা জেলার তিতাস থানাধীন মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের শিকদার বাড়িতে এ নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত জামাল উদ্দিন ভিকটিম সুফিয়া বেগম (৭০)-এর মেয়ের জামাই।

ঘটনার দিন অভিযুক্ত জামাল উদ্দিন তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন ধরাকে কেন্দ্র করে স্ত্রী ও মেয়েকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে তিনি তার কিশোরী মেয়ে মারিয়া আক্তার (১৭)-কে মারধর ও লাথি মেরে গুরুতর আহত করেন। এতে মারিয়া আক্তার মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেললে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান।

পরবর্তীতে বিষয়টি জানতে পেরে ভিকটিম সুফিয়া বেগম তার মেয়ের ওপর নির্যাতনের কারণ জানতে জামাল উদ্দিনের বাড়িতে যান।

এসময় অভিযুক্তের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জামাল উদ্দিন শাশুড়ি সুফিয়া বেগমকে মারধর করেন এবং তাকে কোলে তুলে বাড়ির পাশের একটি খালের পানিতে চুবিয়ে হত্যা করেন।

ঘটনাটি প্রত্যক্ষ করে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত জামাল উদ্দিন পালিয়ে যান। এ ঘটনায় ভিকটিমের নাতি বাদী হয়ে কুমিল্লার তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শাশুড়িকে প্রকাশ্যে পানিতে চুবিয়ে হত্যার এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।

র‌্যাব সূত্র আরও জানায়, এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে এজাহারনামীয় ১ নম্বর আসামি মোঃ জামাল সিকদার (৫০)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর (শিকদার বাড়ি) এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুমিল্লা জেলার তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন