বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার তিতাসে বিএনপি নেতা অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - BNP leader arrested with weapons in Titas, Comilla
মো. মান্নান ভূইয়া/ ছবি: পুলিশের সৌজন্যে

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. মান্নান ভূইয়াকে (৫৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে সাহাপুর গ্রামের পশ্চিমপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে তিতাস থানা পুলিশ নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃত মান্নান ভূইয়া ওই ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী ভূইয়ার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মান্নান ভূইয়ার বাড়ির বহির্ভাগের বাথরুমের ছাদে রাখা বস্তা থেকে দেশীয় তৈরি পাইপগান সদৃশ একটি অস্ত্র, পাঁচটি সিসা কার্তুজ, দুটি রামদা, একটি পুরনো চাপাতি ও একটি লম্বা ছোড়া উদ্ধার করা হয়। এছাড়া ঘর থেকে দুই লাখ তেষট্টি হাজার টাকা জব্দ করা হয়।

অন্যদিকে, গ্রেফতার হওয়া বিএনপি নেতা মান্নান ভূইয়ার স্ত্রী হাজেরা খাতুন অভিযোগ করে বলেন, “আমাদের গ্রামের কিছু আওয়ামী লীগ নেতার সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলছে। এরই জেরে পরিকল্পিতভাবে আমার বাসার বাইরের বাথরুমের ছাদে এসব জিনিস রেখে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

এ ঘটনায় তিতাস থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে মান্নান ভূইয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন