
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন বাটেরারচর এলাকায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এ সময় তিনি নিহত গৃহবধূ কোহিনুর আক্তারের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
রোববার (২ আগস্ট) দুপুরে এমপি সেলিম ভূঁইয়া সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এর আগে তিনি মেঘনা উপজেলার আলীপুর বাজারে গিয়ে কুহিনূর আক্তার হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া চরবিনোদপুর ও আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরে তিনি মেঘনা উপজেলার চরবিনোদপুর এবং তিতাস উপজেলার নতুন বাটেরারচর গ্রামের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি সেলিম ভূঁইয়া বলেন, “একটি টাউট চক্র পরিস্থিতি ঘোলা করে এখান থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমরা কাউকে সেই সুযোগ দিতে চাই না।”
তিনি আরও বলেন, “নিহত কোহিনুর আক্তার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি একজন নিরীহ গৃহবধূ। তার তিনটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। তারা আজ মাকে হারিয়ে এতিম হয়েছে। এই হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এবং তিতাস ও মেঘনা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ জুলাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চর দখলকে কেন্দ্র করে মেঘনা উপজেলার চরবিনোদপুর ও আলীপুর এবং তিতাস উপজেলার নতুন বাটেরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গলায় টেঁটা বিদ্ধ হয়ে কুহিনূর আক্তার ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। এছাড়া প্রায় ৭০ থেকে ৮০টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC