
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার সোনাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ শনিবার দুপুরে এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আমানগন্ডা বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
জব্দ করা শাড়িগুলো বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC