
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম আবুল কাশেম (৫৫)। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামের করিম মিয়ার ছেলে।
সেনাবাহিনী ২৩ বীর চৌদ্দগ্রাম ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আবুল কাশেমের কটপাড়ার বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ১৫ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে আটককৃত মাদক কারবারি আবুল কাশেমকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন বুধবার জানান, সেনাবাহিনী অভিযান শেষে আবুল কাশেমকে থানায় সোপর্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হবে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC