
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রামে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্য ও যানবাহনের মোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর ব্রিজ এলাকায় একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করা হয়।
জব্দ করা পণ্য ও যানবাহনের সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বাসসকে বলেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে ১০ বিজিবি।
তিনি আরও জানান, জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC