
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পৌরসভার প্রকৌশল বিভাগের কার্যসহকারী ও বিএনপি নেতা জিএম সেলিমসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ও সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৃথক স্থানে দুটি দুর্ঘটনায় দুজন এবং আগের রাতে মোটরসাইকেলের ধাক্কায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশল বিভাগের কার্যসহকারী ও বাতিসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএম সেলিম (৪৫), উপজেলার কনকাপৈত ইউনিয়নের বশকরা গ্রামের নজির আহমেদ (৯৬) এবং মাদারীপুরের শিবচর থানার সিরাআইল গ্রামের শাহজাহান মাতব্বরের ছেলে ইমরান হোসেন (৩৭)।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরঞ্জণ কুমার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন জিএম সেলিম। তিনি বসন্তপুর গ্রামের কাজী পাড়ার ধন মিয়ার ছেলে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
এর আগে সোমবার ভোরে মহাসড়কের ফালগুনকরা এলাকায় কাভার্ডভ্যানের পাংচার হওয়া চাকা মেরামত করছিলেন চালক ইমরান হোসেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ইমরান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, রোববার রাতে চৌদ্দগ্রাম মডেল থানার সামনে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন নজির আহমেদ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি নীরঞ্জণ কুমার জানান, সোমবার সকালে মহাসড়কের ফালগুনকরা এলাকায় কাভার্ডভ্যান দুর্ঘটনায় নিহত চালকের মরদেহ উদ্ধার করে থানার ফাঁড়িতে আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC