
কুমিল্লার চৌদ্দগ্রামে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. ইব্রাহিম (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই মোটরসাইকেলের অপর আরোহী সালাউদ্দিন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইব্রাহিম ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকার ডগার পশ্চিম পাড়ার বাসিন্দা এবং আবু তালেবের ছেলে। আহত সালাউদ্দিন নিহত ইব্রাহিমের স্ত্রীর বোনের ছেলে বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোফায়েল আহমেদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত ইব্রাহিমের সঙ্গে থাকা যাত্রী সোহেল জানান, সোমবার গভীর রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে ছয়টি মোটরসাইকেলে মোট আটজন বান্দরবানের উদ্দেশে রওনা দেন তারা। বান্দরবন ভ্রমণ শেষে কক্সবাজার যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের। তবে সেই যাত্রা আর সম্পন্ন করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, মঙ্গলবার সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় পৌঁছালে হঠাৎ চট্টগ্রামগামী সড়কের পূর্ব পাশ থেকে একটি মিনি ড্রাম ট্রাক উল্টো পথে উঠে আসে। ট্রাকটি সজোরে চলন্ত মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মো. ইব্রাহিম নিহত হন। এতে গুরুতর আহত হন তার আত্মীয় সালাউদ্দিন।
স্থানীয়দের সহায়তায় আহত ও নিহতকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এবং অপর আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।










