শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে ইয়াবাসহ যুবদল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Jubo Dal leader arrested with Yaba in Chauddagram, Comilla
কুমিল্লার চৌদ্দগ্রামে ইয়াবাসহ যুবদল নেতা আটক/ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আবদুর রহিম নামে এক যুবদল নেতাকে আটক করেছে যৌথবাহিনী। তিনি এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত বলে জানা গেছে।

গত বুধবার (১৭ ডিসেম্বর) ভোররাতে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প ও চৌদ্দগ্রাম থানা পুলিশের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযানকালে আবদুর রহিমের কাছ থেকে ২৬৬৪ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়।

আটক আবদুর রহিম কনকাপৈত ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং করপাটি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ।

তার আটকের খবরে কনকাপৈত ইউনিয়নসহ আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা মনে করছেন, এই অভিযানের ফলে অন্যান্য মাদক ব্যবসায়ীরাও এলাকা ছাড়তে বাধ্য হবে এবং মাদকের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে আবদুর রহিমকে ইয়াবা, মোবাইল ফোন ও নগদ টাকাসহ আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

আরও পড়ুন