
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুলতান উদ্দিনের বিরুদ্ধে শ্রেণিকক্ষে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন একদল শিক্ষার্থী।
শিক্ষার্থীদের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রভাষক সুলতান উদ্দিন দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে পাঠদানের বাইরে গিয়ে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছেন। সাম্প্রতিক সময়ে এ ধরনের বক্তব্যের মাত্রা আরও বেড়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মৃত্যু নিয়ে কটূক্তি করাসহ তাঁকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেছেন। পাশাপাশি হজরত আবু বকর (রা.), হজরত উমর (রা.), হজরত আলী (রা.) ও হজরত ফাতেমা (রা.)-কে নিয়েও অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। শিক্ষার্থীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে যথাযথ প্রাতিষ্ঠানিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রভাষক সুলতান উদ্দিন জানান, তিনি ইউটিউবে প্রবাসী বাংলাদেশি ব্লগার আসিফ মহিউদ্দিনের কিছু ভিডিও দেখেছেন এবং সেসব ভিডিওর রেফারেন্স ধরেই শ্রেণিকক্ষে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। ভিডিওতে আলোচিত বিষয়গুলোই শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছেন উল্লেখ করে এতে তাঁর কোনো দোষ নেই বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে কলেজের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC