
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা বাজারে জনসাধারণের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইন্জারুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
দীর্ঘদিন ধরে চান্দিনা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী ও হকারদের দখলে থাকায় সাধারণ পথচারী ও ক্রেতাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এই পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে আগেই সতর্কবার্তা দেওয়া হলেও তা অমান্য করায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের বিভিন্ন অলিগলি ও মূল সড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট এবং বাজারের শৃঙ্খলা নষ্টকারী বিভিন্ন প্রতিবন্ধকতা উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইন্জারুল হক জানান, জনসাধারণের স্বাভাবিক চলাচল ও যানজট নিরসন সরকারের অন্যতম অগ্রাধিকার। ফুটপাত দখল করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টির কোনো সুযোগ নেই। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় সচেতন মহল ও সাধারণ পথচারীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং এই ধারা বজায় রাখার দাবি জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC