
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলায় ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আল আমিন (৪০) নামের এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের লেবাস এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার আল আমিন পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার রাজামেহার এলাকার গাজী বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে। তিনি বর্তমানে চান্দিনার লেবাস গ্রামের হোসেনের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ঘটনার সময় ওই কিশোরী বাড়ির সামনে দাঁড়িয়ে আল আমিনের অটোরিকশায় বসে ছিল। আশপাশে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত অটোরিকশাচালক তাকে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত আল আমিনকে হাতেনাতে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে চান্দিনা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। পাশাপাশি ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC