
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ির উঠান ও যাতায়াতের মূল পথে বাঁশের বেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৈশান বাড়ির মৃত কোরবান আলীর ছেলে মোহন মৈশানের পৈতৃক সম্পত্তির একটি অংশ তার ভাই মতিন মৈশান বিক্রি করেন শাহীন মৈশান নামের এক ব্যক্তির কাছে। পূর্বে স্থানীয় সালিশের মাধ্যমে সীমানা নির্ধারণ করে জমি বুঝিয়ে দেওয়া হলেও সম্প্রতি শাহীন অতিরিক্ত জমি পাওনার দাবি তোলেন। এই দাবিকে কেন্দ্র করে তিনি মোহনের বসতঘরের মাঝের উঠান এবং প্রধান যাতায়াতের পথ বন্ধ করে বেড়া দেন।
এর প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবার ও তাদের কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত শাহীন মৈশান দাবি করেছেন যে তিনি এখনো তার পুরো জমির মাপ পুরোপুরি বুঝে পাননি এবং বিক্রেতা মতিনের নির্দেশনা অনুসারেই ওই অংশে বেড়া দিয়েছেন।
এদিকে খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মূল বিক্রেতাকে ডেকে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছে। তবে পুলিশের উপস্থিতির পরও বেড়া না সরানোয় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারটি দ্রুত এই অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC