
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় একটি হাফিজিয়া এতিমখানার চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে (১১) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মো: নাজমুল হক বাপ্পি (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইন ও অস্ত্র আইনের মামলায় আরও পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রোববার (২১ জুন) আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটি চান্দিনার বরকরই হাজী আব্দুল বারী হাফিজিয়া এতিমখানার নাজেরা বিভাগের চতুর্থ শ্রেণীর ছাত্র। গত শনিবার (২০ জুন) দুপুর আনুমানিক ১২:১০ ঘটিকায় বিবাদী মো: নাজমুল হক বাপ্পি ওই ছাত্রকে একটি কক্ষ ঝাড়ু দিতে বলে। কক্ষ ঝাড়ু দেওয়া শেষে দুপুর আনুমানিক ১২:৪০ ঘটিকার সময় শিশুটি ওজুখানায় গোসল করতে গেলে বিবাদী সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে সে ভিকটিমকে জোরপূর্বক বিবস্ত্র করে পায়ুপথে ধর্ষণ করে।
এই ঘটনায় ভিকটিমের বাবা মো: দুর্জয় আহমদ হৃদয় (৩৪) বাদী হয়ে চান্দিনা থানায় একটি এজাহার দায়ের করেন। তবে লিখিত এজাহার প্রাপ্তির পূর্বেই ঘটনার সংবাদ পেয়ে চান্দিনা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত ধর্ষক নাজমুল হক বাপ্পিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত বাপ্পি নেত্রকোনা সদর উপজেলার মনকানদিয়া গ্রামের মো: আব্দুর রহিম খানের ছেলে।
এদিকে চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে আরও পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, শ্রীমন্তপুর গ্রামের রুহুল আমীন মিঠু (৩৪), সুরিখোলা গ্রামের মো: সালাউদ্দিন ভূঁইয়া (৩৬), ভূঁইয়াপাড়া গ্রামের মো: শাহিন প্রকাশ কুদ্দুস (২৫) এবং সোনাকান্দা গ্রামের রুবেল হোসেন (২০)।
এছাড়া একই অভিযানে অস্ত্র আইনের একটি মামলায় জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে শ্রীমন্তপুর গ্রামের হাজী আ: মালেকের ছেলে রুহুল আমীন মিঠুকেও গ্রেফতার দেখায় পুলিশ। গ্রেফতারকৃত মোট ছয় আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC