সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার চান্দিনায় বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ওসমান গনি, চান্দিনা, প্রতিনিধি

Rising Cumilla -Dead body
প্রতীকি ছবি/রাইজিং কুমিল্লা

বর্বরতার নতুন নজির! ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে তুলে এনে মধ্যরাতে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কুমিল্লার চান্দিনায়। নিহত যুবকের নাম মো. মুছা (২৬)। রবিবার (২৩ নভেম্বর) রাতে চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এই গণপিটুনির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত মুছা ওই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদসার গ্রামের ময়নাল হোসেন কাদুটি বাজারে মোবাইল ফোনের ব্যবসা পরিচালনা করেন। প্রায় ১০ দিন আগে ময়নাল বাজার থেকে বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে ছিনতাইকারীরা আক্রমণ করে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন কেড়ে নেয়। ওই ঘটনায় ময়নাল মুছাকে সন্দেহ করে।

মুছাও ৮-১০ দিন বাড়িতে না থাকায় সন্দেহ আরো ঘনীভূত হয়। গতকাল রবিবার রাতে মুছা বাড়িতে আসলে তার বাড়ির লোকজন ময়নালকে খবর দেয়। রাত অনুমান সাড়ে ১২টায় ময়নাল, তোফাজ্জলসহ আরো কয়েকজন এসে মুছাকে বাড়ি থেকে ধরে নিয়ে গণপিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার।

এদিকে, ঘটনাস্থলে মুছার মৃত্যুর পর মরদেহ ফেলে আত্মগোপনে চলে যায় হামলাকারীরা।

ব্যবসায়ী ময়নাল হোসেন এর চাচাতো ভাই ইউপি সদস্য সামির হোসেন জানান, গত ১০-১২ দিন আগে ময়নালকে রাতের অন্ধকারে আটক করে সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র। এ সময় ময়নালকে বৈদ্যুতিক শক দিয়ে তার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

মুছাকে পিটিয়ে হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ সময় আমি বাড়িতে ছিলাম না। শুনেছি মুছার বাড়ির লোকজনই ময়নালদের ফোন করে খবর দিয়ে ধরিয়ে দিয়েছে।

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে প্রাথমিকভাবে ৩ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম ও পরিচয় দেওয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন