
কুমিল্লার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক মাদক ব্যবসায়ীসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে চান্দিনা থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে অন্যতম হলেন নাওতলা গ্রামের মৃত কানু মিয়ার ছেলে মো. আবুল কাশেম। মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এই আসামী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আরও দুটি মাদক মামলার পরোয়ানা রয়েছে। এছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামী ছাইকুট গ্রামের মো. এনামুল হক এবং একটি নিয়মিত মামলার এজাহারনামীয় আসামী সুহিলপুর গ্রামের মো. জালালকেও পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযানে মাদক সেবন ও কেনাবেচার অপরাধে আরও চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে দক্ষিণ চান্দিনা গ্রামের আতিকুর রহমানকে গাঁজা ও ইয়াবাসহ আটকের পর তিন দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রারিরচর গ্রামের জনি এবং ছায়কোট গ্রামের শাহজালালকে একই অপরাধে ছয় মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদরের হরমা গ্রামের মো. আলমগীরকে এক দিনের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।










