
কুমিল্লার চান্দিনায় নিখোঁজের ২৩ মাস অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ১৩ বছরের কিশোর জিহাদের। ২০২৪ সালের ১৯ অক্টোবর সকালে স্থানীয় মহিচাইল বাজার থেকে পিতার অটোরিকশাসহ নিখোঁজ হয় সে।
জিহাদ চান্দিনা উপজেলার হোসেনপুর গ্রামের দরিদ্র মোহাম্মদ আলীর একমাত্র ছেলে। দীর্ঘ সময় ধরে সন্তানের কোনো খোঁজ না পেয়ে চরম পুত্রশোকে দিন কাটাচ্ছেন তার বাবা-মা।
সন্তানকে হারিয়ে দিশেহারা এই পিতা জানান, ছেলের সন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বারবার গেলেও এখন পর্যন্ত কোনো সুসংবাদ মেলেনি।
কান্নাজড়িত কণ্ঠে মোহাম্মদ আলী বলেন, কুমিল্লার এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে জিহাদের খোঁজ করিনি। কোথাও তার কোনো খবর নেই। পুলিশ বলেছে চেষ্টা করছে, কিন্তু আমরা তো কোনো অগ্রগতি দেখছি না। থানায় সাধারণ ডায়েরি করার পরও দীর্ঘ দুই বছরেও ছেলের দেখা না পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। তবে বুকভরা আশা নিয়ে এখনো সন্তানের ফেরার অপেক্ষায় আছেন এই পিতা। সরকারের কাছে তার আকুল আবেদন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন আরও আন্তরিক হয়ে তার একমাত্র ছেলেকে খুঁজে বের করতে সচেষ্ট হয়।
এ বিষয়ে চান্দিনা উপজেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) বদিউজ্জামান জানান, নিখোঁজ কিশোর জিহাদ কোনো মোবাইল ফোন ব্যবহার না করায় তার বর্তমান অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে শিশুটির সন্ধানে দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে এবং পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।










