
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লার গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে বড় অগ্রগতি হয়েছে। জেলার দীর্ঘদিন ধরে আইডিভুক্তির অপেক্ষায় থাকা ৩ হাজার ৭০৯টি সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক নেটওয়ার্কে অন্তর্ভুক্তির জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সড়কগুলোর সম্মিলিত দৈর্ঘ্য ৩ হাজার ৩৭৫ দশমিক ৭৭৫ কিলোমিটার।
এলজিইডি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আওতাধীন সড়কের মালিকানা নির্ধারণ, শ্রেণিবিন্যাস এবং সড়ক নেটওয়ার্কের তালিকা হালনাগাদের অংশ হিসেবে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের স্ট্যান্ডিং কমিটির সভায় এসব সড়ক অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর অনুমোদন পাওয়া ৩ হাজার ৪১২টি সড়কের (৩ হাজার ১৮ দশমিক ৩৭০ কিলোমিটার) তালিকা গেজেট আকারে প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রজ্ঞাপন পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর কুমিল্লা জেলার ২৯৭টি সড়ক, যার দৈর্ঘ্য ৩৫৭ দশমিক ৪০৫ কিলোমিটার, আইডিভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়।
একই প্রক্রিয়ায় দেশের ১৭টি জেলার মোট ৯ হাজার ৮২৩টি সড়ক, যার সম্মিলিত দৈর্ঘ্য ১৮ হাজার ৮৮৮ দশমিক ৪৩৮ কিলোমিটার, এলজিইডির সড়ক নেটওয়ার্কে অন্তর্ভুক্তির অনুমোদন পেয়েছে। এর মধ্যে কুমিল্লার সড়কগুলোর সংখ্যা ও দৈর্ঘ্য উল্লেখযোগ্য।
দীর্ঘদিন ধরে আইডিভুক্তির অপেক্ষায় থাকা এসব সড়ক নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হওয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে পর্যায়ক্রমে সড়কগুলোর উন্নয়ন, পুনর্বাসন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা সহজ হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সড়কগুলোর উন্নয়ন হলে গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন সহজ হবে, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা বাড়বে।
এ বিষয়ে এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. মফিজ উদ্দিন (বাবলু) বলেন, দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ ৩ হাজার ৭০৯টি সড়ক এলজিইডির নেটওয়ার্কে যুক্ত হওয়ার মধ্য দিয়ে জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি বড় প্রত্যাশা পূরণের পথ তৈরি হয়েছে। এর ইতিবাচক প্রভাব গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নেও পড়বে।
তিনি জানান, এ অর্জনের পেছনে এলজিইডি কুমিল্লার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। বিশেষ করে সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুস শাকেরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তথ্য-উপাত্ত সংগ্রহ, যাচাই-বাছাই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছেন। তাঁদের নিরলস প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC