
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামের গোমতী নদীর চরে শুরু হওয়া এ ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইতোমধ্যে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটেছে।
জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমা আয়োজনের অংশ হিসেবে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। কুমিল্লা জেলা সদরের অদূরে পালপাড়া ব্রিজের পশ্চিম পাশে গোমতী নদীর চরে বিশাল এলাকাজুড়ে ইজতেমার মাঠ প্রস্তুত করা হয়েছে। আম বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া এ ইজতেমা আগামী শনিবার (৭ নভেম্বর) জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিরা জানান, আল্লাহর সন্তুষ্টি অর্জন, দ্বীনি শিক্ষা গ্রহণ এবং নিজেদের ঈমান ও আমলকে আরও মজবুত করার উদ্দেশ্যেই তাঁরা ইজতেমায় এসেছেন। তিন দিন একসঙ্গে অবস্থান করে ধর্মীয় আলোচনা শোনা, নামাজ আদায় ও ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধির সুযোগ পাওয়াকে তাঁরা সৌভাগ্যের বিষয় হিসেবে দেখছেন।
এক মুসল্লি বলেন, ‘ইজতেমায় আসার মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা একত্রিত হয়েছেন। দ্বীনি বয়ান শোনা, নামাজ আদায় এবং ধর্মীয় পরিবেশে সময় কাটানোর মাধ্যমে নিজেদের জীবনকে ইসলামের নির্দেশনা অনুযায়ী পরিচালনার শিক্ষা পাওয়া যায়।’
আরেক মুসল্লি বলেন, ‘এ ধরনের আয়োজন মানুষের মধ্যে দ্বীনি চেতনা ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই, এখান থেকে ভালো কিছু শিক্ষা নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে তা বাস্তব জীবনে কাজে লাগাতে।’
ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে মাঠে বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও অস্থায়ী শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের রাত্রিযাপনের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত তাবলিগের মুরব্বিরা তিন দিনব্যাপী এ ইজতেমায় গুরুত্বপূর্ণ ঈমানি বয়ান পেশ করবেন।
এদিকে ইজতেমাকে কেন্দ্র করে সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তায় কাজ করছেন তাবলিগের নিজস্ব স্বেচ্ছাসেবক এবং পালপাড়া এলাকার যুবসমাজের সদস্যরা। মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠের পাশে স্থাপন করা হয়েছে পুলিশ বক্স। আয়োজক ও স্বেচ্ছাসেবকেরা মাঠের শৃঙ্খলা রক্ষা, মুসল্লিদের চলাচল এবং প্রয়োজনীয় সেবা প্রদানে দায়িত্ব পালন করছেন।
যেভাবে আসবেন ইজতেমা মাঠে
দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা কুমিল্লা শহরের শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে বুড়িচং সড়ক ধরে উত্তর দিকে প্রায় তিন কিলোমিটার এগিয়ে পালপাড়া ব্রিজে পৌঁছাতে পারবেন। সেখান থেকে পশ্চিম দিকে প্রায় আধা কিলোমিটার গেলেই ইজতেমা মাঠ।
এ ছাড়া কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে উত্তর দিকে বালিখাড়া ব্রিজ পার হয়ে প্রায় এক কিলোমিটার পূর্ব দিকে গেলেও ইজতেমার আয়োজক স্থানে পৌঁছানো যাবে।
তিন দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনকে ঘিরে গোমতী নদীর তীরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর ও ধর্মীয় আবহ। আখেরি মোনাজাতে অংশ নিতে আরও বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC