শুক্রবার ৩ এপ্রিল, ২০২৬

কুমিল্লার গর্বিত সন্তান আমার বন্ধু তারিকুলকে আমি খুব কাছ থেকে দেখেছি: হাসনাত

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Tarikul Islam - Hasnat Abdullah
ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি থেকে মেয়র পদে মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট তারিকুল ইসলামের পাশে দাঁড়ানোর জন্য কুমিল্লার নগরবাসীর সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তারিকুল ইসলামের ছবি শেয়ার করে তার গল্প তুলে ধরেন তিনি।

রাইজিং কুমিল্লার পাঠকদের জন্য হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল:

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছে আমার প্রিয় বন্ধু, আমার সংগ্রামের সহযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক মেধাবী ছাত্র অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই তারিকুলের সাথে আমার পথচলা। সেই শুরু থেকেই দেখেছি, একটা মানুষের ভেতরে কতটা সাহস, কতটা দায়বদ্ধতা আর কতটা ভালোবাসা থাকলে সে অন্যায়ের বিরুদ্ধে এতটা দৃঢ় হয়ে দাঁড়াতে পারে। আমরা একসাথে কোটা সংস্কার আন্দোলনে রাজপথে নেমেছিলাম, আর সেই আন্দোলনের জন্য তারিকুল ৪৮টি দিন কারাগারের অন্ধকারে কাটিয়েছে। কিন্তু সেই অন্ধকার তার মনোবলকে ভাঙতে পারেনি বরং আরও শক্ত করেছে।

মোদী বিরোধী আন্দোলন হোক কিংবা ফ্যাসিবাদবিরোধী প্রতিটি লড়াই তারিকুল সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। বিগত দীর্ঘ ৯ বছরে সে শুধু রাজনীতি করেনি, সে সংগ্রাম করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলেছে। বারবার নির্যাতনের শিকার হয়েও সে পিছিয়ে যায়নি।

কুমিল্লার গর্বিত সন্তান আমার বন্ধু তারিকুলকে আমি খুব কাছ থেকে দেখেছি—তার ভেতরের ভালোবাসা, মানুষের জন্য তার টান, দেশের প্রতি তার দায়বদ্ধতা আমাকে বারবার আশ্বস্ত করে যে, সে পারবে। তার অভিজ্ঞতা, প্রজ্ঞা, সাহস আর দূরদর্শিতা কুমিল্লার নগরবাসীর জীবনমান বদলে দিতে পারে—এই বিশ্বাস আমার গভীর।

দৃঢ়তার সাথে বিশ্বাস করি , আমার বন্ধু ও কমরেড তারিকুল শুধু একজন প্রার্থী নয়, একটি পরিবর্তনের প্রতিশ্রুতি।

কুমিল্লার নগরবাসীর সকলের প্রতি আহ্বান জানাই, আপনারা তার পাশে দাঁড়ান, তাকে সমর্থন দিন, এই পথচলায় তার হাতকে শক্ত করুন।

বন্ধু তারিকুলের জন্য রইল আমার হৃদয়ের গভীর থেকে দোয়া ও শুভকামনা।

ইনশাআল্লাহ, সংগ্রামের এই পথ বিজয়ের দিকেই এগিয়ে যাবে। বিজয় হবে তারুণ্যের।

আরও পড়ুন