শুক্রবার ১০ এপ্রিল, ২০২৬

কুমিল্লার উন্নয়নে একবার সুযোগ দিন— মনিরুল হক চৌধুরী

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Give Comilla a chance to develop — Monirul Haque Chowdhury
কুমিল্লার উন্নয়নে একবার সুযোগ দিন— মনিরুল হক চৌধুরী/ছবি: রাইজিং কুমিল্লা

কুমিল্লা–৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, “আমি সার্বজনীন প্রার্থী—সব ধর্ম, সব সম্প্রদায়ের মানুষের ভোট চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—জাতি, কুল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কাছে আমার আবেদন।”

তিনি বলেন, “কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য আপনারা একবার আমাকে সুযোগ দিন।”

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে কুমিল্লা টাউনহলে অনুষ্ঠিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী আরও বলেন, “যাদের বিরুদ্ধে আমরা ৭০–এর নির্বাচনে লড়েছিলাম, আজ তারাই আবার আমার প্রতিপক্ষ। আপনারা বুঝে–শুনে সিদ্ধান্ত নেবেন এবং উন্নয়নের প্রতীক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা—ধানের শীষে ভোট দেবেন।”

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অপরিকল্পিত নগরায়নের কারণে কুমিল্লা ধীরে ধীরে বসবাসের অযোগ্য নগরীতে পরিণত হচ্ছে।
তিনি বলেন, “সিটি করপোরেশন প্রতিষ্ঠার যুগ পেরিয়ে গেলেও আজও সীমানা বৃদ্ধি করা হয়নি। নাগরিক সুযোগ-সুবিধা অত্যন্ত অপ্রতুল। এখন সময় এসেছে মহানগরের সীমানা সম্প্রসারণ ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার।”

নিজের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা উত্তরে ফকিরবাজার, দক্ষিণে বাঘমারা, পূর্বে বিবিরবাজার ও পশ্চিমে ক্যান্টনমেন্ট পর্যন্ত সম্প্রসারণ করা হবে।
এছাড়া তিনি আধুনিক সুয়ারেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ওয়াসা গঠন এবং মেট্রোপলিটন সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

মনিরুল হক চৌধুরী বলেন, “আমাকে একটি ভোট দিয়ে বিজয়ী করুন। আমি জীবন দিয়ে হলেও আপনাদের ঋণ শোধ করবো, ইনশাআল্লাহ। অতীতের মতো আর কখনো আপনাদের অধিকার থেকে বঞ্চিত হতে হবে না।”

নারী সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, টাউনহল কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন, সারী নেত্রী নাজমা আক্তারসহ বিএনপি মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে সকালে তিনি পূর্ব জোরকানন এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে অংশ নেন। দুপুরে নগরীর ঈশ্বর পাঠশালা থেকে পদযাত্রা শুরু করে কান্দিরপাড়, রাজগঞ্জ, মোগলটুলি ও আদালত এলাকা হয়ে ছোটরা গিয়ে শেষ হয়। পরে তিনি মেডিসিন কমপ্লেক্সে ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এছাড়া দিনব্যাপী প্রচারণার অংশ হিসেবে তিনি বেলতলি স্কুল মাঠ, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও দেশওয়ালীপট্টিতে পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেন।

আরও পড়ুন