
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লার লালমাই উপজেলায় ঐতিহ্যবাহী কুস্তি খেলতে গিয়ে হেলাল উদ্দিন মজুমদার (বলি হেলাল) নামে এক খেলোয়াড়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (রাত সাড়ে ১০টা) উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদরাসা সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন পাশের লাকসাম উপজেলার কোঁয়ার গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন এবং এলাকায় ‘বলি হেলাল’ নামে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, রেফারির উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে লড়াই শুরু করেন হেলাল। একপর্যায়ে প্রতিপক্ষ তাকে মাটিতে ফেলে দেয় এবং পা ধরে টেনে নিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই হেলাল হঠাৎ নিস্তব্ধ হয়ে পড়েন এবং তার নড়াচড়া বন্ধ হয়ে যায়।
বিষয়টি বুঝতে পেরে আয়োজকরা দ্রুত মাঠে ছুটে আসেন এবং খেলা বন্ধ ঘোষণা করেন। প্রথমে তাকে অসুস্থ মনে হলেও পরে নিশ্চিত হওয়া যায়, খেলার মধ্যেই তিনি মারা গেছেন।
স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে দুই দিনব্যাপী কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ঘটনার সময় মাঠে কয়েকশ দর্শক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভিডিওগুলো পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ নিজ বাড়িতে নিয়ে গিয়ে দাফন করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC