
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
কুমিল্লায় ভোক্তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সফট ড্রিংক বিক্রির সত্যতা পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযোগকারী ভোক্তাকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৭ হাজার ৫০০ টাকা প্রণোদনা দেওয়া হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টা থেকে জেলার ঝাগরজুলি, পদুয়ার বাজার বিশ্বরোড ও কৃষ্ণপুর এলাকায় কনফেকশনারি, পেট্রোল পাম্প, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
ভোক্তার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, একজন ভোক্তার অভিযোগের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝাগরজুলি এলাকার রোড স্টার হোটেলের মাহি ফুড কর্ণার-এ অভিযান চালানো হয়। অভিযোগ ছিল, ২৫০ মিলিলিটার সফট ড্রিংক ‘ডিউ’-এর গায়ে নির্ধারিত মূল্য ২৫ টাকা লেখা থাকলেও ভোক্তার কাছ থেকে নেওয়া হচ্ছিল ৩০ টাকা।
অভিযোগের সত্যতা পাওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অভিযোগকারী ভোক্তাকে জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ৭ হাজার ৫০০ টাকা প্রণোদনা হিসেবে দেওয়া হয়।
এদিকে একই অভিযানে ঝাগরজুলির S.K Filling Station-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪৮ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির পাশাপাশি জ্বালানি তেল পরিমাপে ঘাটতির প্রমাণ পাওয়া যায়। পাঁচ লিটার অকটেনে ১২০ মিলিলিটার, পেট্রোলে ১৩০ মিলিলিটার এবং ডিজেলে ১১০ মিলিলিটার করে কম দেওয়ার তথ্য পাওয়া যায়।
অভিযানকালে সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবসায়ীদের পণ্যের নির্ধারিত মূল্য অনুসরণ, সঠিক পরিমাণে পণ্য সরবরাহ এবং সরকারি নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির নির্দেশ দিয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC