কুমিল্লায় শতভাগ মেধার ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ১০১ জন তরুণ-তরুণী।
বুধবার “সেবার ব্রতে চাকরি” শ্লোগানে কুমিল্লায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
তিনি জানান, Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, লিখিত পরীক্ষায় ৬৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৪১ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরে ১১২ জন প্রার্থী কৃতকার্য হন। তন্মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে ১০১ জনকে মেধাতালিকায় নির্বাচিত করা হয়েছে এবং অবশিষ্ট ১১ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
নিয়োগ কার্যক্রমে নতুন ডিজিটাল মাধ্যম “ফেইস ডিটেকশন” প্রযুক্তি ব্যবহার করা হয়। মাত্র ১২০ টাকা ফি দিয়ে শতভাগ মেধার ভিত্তিতে চাকরির সুযোগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ অনেক প্রার্থী আবেগাপ্লুত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ফলাফল ঘোষণাকালে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান আরও বলেন, নিজ নিজ অবস্থান থেকে সবাই যদি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন, তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। ঘুষ ছাড়া নিয়োগ দেয়া সম্ভব, আমরা সেটিই প্রমাণ করেছি। যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই মেধাবী। আশা করি, তারা সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রাথমিক স্ক্রিনিং শেষে বাছাইকৃত প্রার্থীরা শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। চূড়ান্তভাবে উত্তীর্ণদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রশিক্ষণে পাঠানো হবে।