শনিবার ৪ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় স্কুলে যাওয়ার পথে মহাসড়কে লরি উল্টে প্রাণ গেল স্কুল ছাত্রের

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Jihan dies after lorry overturns on highway on way to school in Comilla
কুমিল্লায় স্কুলে যাওয়ার পথে মহাসড়কে লরি উল্টে প্রাণ গেল জিহানের

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় স্কুলে যাওয়ার পথে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক স্কুলছাত্র নিহত এবং অপর এক ছাত্রী গুরুতর আহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহান হোসাইন (১০) আমানগন্ডা গ্রামের উত্তর পাড়ার সাধু বাড়ির কুয়েত প্রবাসী আবুল হাশেমের ছেলে।

গুরুতর আহত তানিসা আক্তার (১১) একই বাড়ির আবু তাহেরের মেয়ে এবং নিহতের সহপাঠী। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা আবুল কাশেম।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকাল সাড়ে নয়টার দিকে আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র জিহান হোসাইন ও ছাত্রী তানিসা আক্তার বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কের পশ্চিম পাশে হেঁটে যাচ্ছিল। এ সময় একটি লরি (চট্টমেট্রো-ঢ-৮১-৪৩৯৮) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।

এতে ঘটনাস্থলেই জিহান হোসাইনের মৃত্যু হয় এবং তানিসা আক্তার গুরুতর আহত হয়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহত ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ির একাংশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে গিয়ে আহত ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করেছে এবং বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন