
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় কর্মরত উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) অর্ণব বড়ুয়া অসীম সাহসিকতা, বীরত্ব, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সাহসিকতা) অর্জন করেছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এ সম্মাননা পদক তুলে দেন।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অর্ণব বড়ুয়ার এ গৌরবময় অর্জনে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
জেলা ডিবি জানায়, ২০২৫ সালের ২৬ জুলাই থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনকালে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে দক্ষতা এবং বিভিন্ন উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এসআই অর্ণব বড়ুয়াকে বিপিএম-সাহসিকতা পদকের জন্য মনোনীত করা হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনকালে অর্ণব বড়ুয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ সময়ে তিনি ৫৩ জন ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ অস্ত্র, মাদকদ্রব্য ও লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ২৯টি ডাকাতি ও চুরি মামলার রহস্য উদঘাটনে ভূমিকা রাখেন।
এ ছাড়া নোয়াখালী জেলার সুধারাম থানার আলোচিত স্বর্ণের দোকান চুরি মামলার রহস্য উদঘাটনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনতি ও তাঁর মায়ের আলোচিত ক্লুলেস হত্যা মামলায় ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারেও ভূমিকা রাখেন এসআই অর্ণব। পাশাপাশি বুড়িচংয়ের আলোচিত কলেজছাত্র তুহিন হত্যা মামলা, সদর দক্ষিণ এলাকায় কিশোর গ্যাংয়ের সংঘটিত হত্যাকাণ্ড এবং মনোহরগঞ্জের আলোচিত ক্লুলেস আলাউদ্দিন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-সংক্রান্ত অপরাধ প্রতিরোধেও সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের মাধ্যমে একজন আসামিকে গ্রেপ্তার করা হয় তাঁর দায়িত্ব পালনকালে।
এ ছাড়া মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ ২৩৮ কেজি গাঁজা, ১ লাখ ৪৭ হাজার ২৪০ পিস ইয়াবা, ৬২৫ বোতল ফেনসিডিল, ৫০ বোতল মদ ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করে। এসব মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, পিকআপ, প্রাইভেটকার, বাস ও মোটরসাইকেলও জব্দ করে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, এসআই অর্ণব বড়ুয়া একজন পেশাদার দক্ষ এবং সাহসী অফিসার। তার বিপিএম পদক অর্জনে আমরা গর্বিত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC