
রাইজিং কুমিল্লা প্রতিবেদক

কুমিল্লায় জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও গত তিন মাসের কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে কুমিল্লা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন।
ব্রিফিং উপস্থাপন করেন জেলা তথ্য অফিস, কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। এতে কুমিল্লার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
প্রেস ব্রিফিংয়ে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক বলেন, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মহান জাতীয় সংসদে “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” ভাবনায় শপথ গ্রহণের মাধ্যমে বর্তমান সরকারের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১০ মার্চ ঢাকার কড়াইলে ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়।
তিনি জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তর বিভিন্ন প্রচার কর্মসূচি হাতে নিয়ে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত কুমিল্লার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে ১১টি উঠান বৈঠক, ১টি নারী সমাবেশ, ২৮৫টি চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/ডকুমেন্টারি/টিভিসি প্রদর্শন, ৬২ ইউনিট সড়ক প্রচার ও মাইকিং, ৩৮টি অনলাইন প্রচার, ১টি কৃষক সমাবেশ, ১টি নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচির ১০টি লাইভ সম্প্রচার বাস্তবায়ন করা হয়েছে।
এসময় তিনি আরও জানান, দেশের ৬৮টি তথ্য অফিস গত তিন মাসে মোট ১ হাজার ২১টি কমিউনিটি সভা ও উঠান বৈঠক, ৩ হাজার ২৪৮ ইউনিট সড়ক প্রচার, ১১ হাজার ৬০টি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ২০২টি নারী সমাবেশ, ২ হাজার ৩১৬টি অনলাইন প্রচার, ১৪টি কৃষক সমাবেশ, ২২টি ফ্যামিলি সমাবেশ, ৩৪০টি লাইভ সম্প্রচার এবং ১৪টি নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা বাস্তবায়ন করেছে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রাথমিকভাবে ৫৮৭ জনকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এছাড়া জেলায় ১ হাজার ৪৫৮ জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, জুন ২০২৬ এর মধ্যে কুমিল্লা জেলায় ৩৫ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৫ হাজার গাছ রোপণ এবং ১৪ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং সরকারের এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC