
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ২৭ ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ১ কোটি ২১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। চেক বিতরণ শেষে বক্তব্যে তিনি বলেন, ‘মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা নয়। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা অঙ্গহানি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়।’
তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের দুঃসময়ে কিছুটা আর্থিক স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিআরটিএসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ২১ জনের প্রত্যেক পরিবারের অনুকূলে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৫ লাখ টাকার চেক দেওয়া হয়। একই সঙ্গে গুরুতর আহত ৬ জনের চিকিৎসার জন্য মোট ১৬ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।
বিআরটিএ কুমিল্লা সার্কেলের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক মো. ফারুক আলম, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আব্দুল্লাহ আল মামুন, মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলাম এবং সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার দে।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানিয়ে বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের সচেতনতা, সড়কে শৃঙ্খলা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC