মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর ২ কোটি টাকার চেক বিতরণ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - BRTA distributes Tk 2 crore cheques to families of those killed and injured in road accident in Comilla
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহত পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি টাকার চেক বিতরণ/ছবি: রাইজিং কুমিল্লা

কুমিল্লা জেলায় সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে ২ কোটি টাকার চেক বিতরণ করেছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুঃ রেজা হাসান।

অনুষ্ঠানে জানানো হয়, কুমিল্লা জেলার মোট ৪৬টি পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৮০ লাখ টাকা প্রদান করা হয়। পাশাপাশি আহত ১০টি পরিবারকে মোট ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। সব মিলিয়ে নিহত ও আহত পরিবারের মাঝে মোট ২ কোটি টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিআরটিএর জেলা সহকারী পরিচালক মো. ফারুক আলম, মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা লিটা কুমার দে, বিভাগীয় পরিচালক (চট্টগ্রাম) মো. মাসুদ আলম, পরিচালক (অডিট ও আইন), সদর কার্যালয় ঢাকা, কুমিল্লা হাইওয়ে রিজনের ডিআইজি মো. শাহিনুর আলম খান, মালিক সমিতির সভাপতি মো. কবির হোসেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক ও মানবিক দায়িত্ব। এই আর্থিক সহায়তা তাদের দুঃখ-কষ্ট লাঘবে কিছুটা হলেও সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন