
রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লার বুড়িচংয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা মীম (৮) কে ধর্ষণের পর হত্যার দায়ে ময়নাল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালে বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন ওই গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
ঘটনার দিন দ্বিতীয় শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা মীমকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পরিত্যক্ত টয়লেট ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
ঘটনার পর নিহত শিশুর মা বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ময়নাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে নিহত শিশুর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রায়কে স্বাগত জানিয়ে বলেন, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC