
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় যৌথ মোবাইল কোর্ট অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ দই ও বিস্কুট জব্দ করে ধ্বংস করা হয়।
রোববার (৪ মে) জেলা প্রশাসন, কুমিল্লা এবং বিএসটিআই জেলা অফিস, কুমিল্লার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বাধ্যতামূলক পিসিআর (PCR) লাইসেন্স ছাড়া মিষ্টি দই উৎপাদন ও বাজারজাত করার দায়ে নগরীর টমছম ব্রিজ এলাকার সর্দার সুইটস বেকারি অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’-এর ২৪(১)/৪১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ১০ পাতিল মেয়াদোত্তীর্ণ দই জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এছাড়া বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ ছাড়াই বিস্কুট পণ্যে বিএসটিআই লোগো ব্যবহার করায় বিসিক শিল্পনগরী এলাকার ন্যাশনাল ফুড অ্যান্ড বেভারেজকে ‘বিএসটিআই আইন-২০১৮’-এর ১৫/২৭ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ৫০ প্যাকেট মেয়াদোত্তীর্ণ বিস্কুট ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার জাহান।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফর রহমান এবং ফিল্ড অফিসার এস এম শাকিল ইউসুফ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC