
রাইজিং কুমিল্লা ডেস্ক

দেশে সম্প্রতি হাম বা মিজেলসের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন হাসপাতালেই হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে, যার প্রভাব পড়েছে কুমিল্লাতেও।
কুমিল্লায় হাম সন্দেহে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইতোমধ্যে ৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২১ জন শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (৩০ মার্চ) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত হাম সংক্রান্ত আপডেটে এসব তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে গিয়ে দেখা যায়, জেলার বিভিন্ন এলাকা থেকে হাম আক্রান্ত শিশুদের সেখানে ভর্তি করা হয়েছে। শিশুদের অভিভাবকদের চোখেমুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ জানান, হাম আক্রান্ত শিশুদের বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে আলাদা একটি ওয়ার্ড চালু করা হয়েছে।
তিনি আরও জানান, গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত এ হাসপাতালে মোট ২৫ জন হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। গুরুতর অবস্থার কারণে ২ জনকে ঢাকায় রেফার করা হয়েছে। বর্তমানে বাকি ১৫ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকরা অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি শিশুদের যথাসময়ে টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC