
রাইজিং কুমিল্লা প্রতিবেদক

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে কুমিল্লা জেলার মোট ৩ হাজার ৪০১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১ হাজার ৪৫৩ জন এবং সাধারণ গ্রেডে ১ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলায়, আর সর্বনিম্ন সংখ্যা মেঘনা উপজেলায়।
রোববার (১২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল ঘোষণা করা হয়।
কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১ হাজার ১৬২ জন এবং সাধারণ গ্রেডে ১ হাজার ৫১১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। অন্যদিকে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ২৯১ জন এবং সাধারণ গ্রেডে ৪৩৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
উপজেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলায় সর্বোচ্চ ৪১৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৬১ জন এবং সাধারণ গ্রেডে ২৫৪ জন রয়েছে।
অন্যদিকে, মেঘনা উপজেলায় সর্বনিম্ন ৮০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ৩৬ জন এবং সাধারণ গ্রেডে ৪৪ জন শিক্ষার্থী রয়েছে।
এ বছর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জেলার সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২৮ হাজার ৩১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জেলার শিক্ষা-সংশ্লিষ্টরা আশা করছেন, এই ফলাফল আগামী দিনে শিক্ষার্থীদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC