
রাইজিং কুমিল্লা প্রতিবেদক
কুমিল্লা নগরীতে দিনদুপুরে একটি বাসার জানালার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) নগরীর রামঘাট এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী জামাল হোসেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত। তিনি লাকসাম উপজেলার আমদুয়ার এলাকার বাসিন্দা।
জামাল হোসেন জানান, শুক্রবার সকাল ৭টার দিকে তিনি সপরিবারে চট্টগ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাসা থেকে বের হন। রাত আনুমানিক ৯টার দিকে তারা বাসায় ফিরে এসে দেখতে পান, ঘরের আলমারি ভাঙা এবং জানালার গ্রিল কাটা। ঘরের ভেতরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
এ সময় তিনি দেখতে পান, ঘরে রাখা তার স্ত্রীর প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। জামাল হোসেন লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধারে কুমিল্লা পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC