
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ মোট ৩২৫ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের দিকনির্দেশনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং অপরাধের সঙ্গে সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই করে ২৩০ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে অভিযান সম্পর্কে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অযাচিত ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC