
বাসস
ডিজিটাল যুগে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) -এ শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।
আজ শনিবার বার্ড প্রাঙ্গণে “গভর্ন্যান্স ইন ডিজিটাল এরা ফর পিস অ্যান্ড প্রসপারিটি” শীর্ষক সমন্বিত গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা আজকের সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ ধরনের আন্তর্জাতিক গবেষণা সম্মেলন নীতিনির্ধারণ ও বাস্তব প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মেলনটির আহ্বায়ক অধ্যাপক ড. আকা ফিরোজ আহমেদ এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে তিনি বিশ্বায়নের বর্তমান প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর স্বরূপ, সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ডিজিটাল যুগে টেকসই শান্তি ও উন্নয়নের জন্য এআই ব্যবস্থাপনাকে সুশাসনের কাঠামোর মধ্যেই পরিচালিত করতে হবে।
অনুষ্ঠানে বার্ডের সংক্ষিপ্ত পরিচিতি ও পল্লী উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা তুলে ধরেন, বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, বাংলাদেশের চারটি বিস্তৃত উন্নয়ন প্রকল্প বার্ডের মাধ্যমে গৃহীত ও বাস্তবায়িত হয়েছে। সেচ ব্যবস্থাপনা, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং পল্লী অবকাঠামো উন্নয়ন বার্ডের অন্যতম সফল উদ্যোগ হিসেবে দেশ-বিদেশে স্বীকৃত।
বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী শিক্ষাক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, টেকসই উন্নয়ন ও মানবসম্পদ গঠনে শিক্ষাঙ্গনে সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য।
এ সম্মেলনে বিশ্বের ১২টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকসহ মোট ২৪০ জন অংশগ্রহণকারী তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। সম্মেলনে ডিজিটাল গভর্ণ্যান্স, শান্তি, উন্নয়ন ও নীতিনির্ধারণ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
সম্মেলনের সহ-আয়োজকদের মধ্যে রয়েছে, নেটিসার্চ ইন্টারন্যাশনাল, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, সেনা কল্যাণ সংস্থা এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গেইন (জিএআইএন) ইন্টারন্যাশনাল।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে পরিচালকের দায়িত্ব পালন করছেন মিজ বার্ডের পরিচালক ফৌজিয়া নাসরিন সুলতানা ও মো. আমিনুল ইসলাম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC