
নিজস্ব প্রতিবেদক
খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি প্রকৃত সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই।
এ সময় কুমিল্লার ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী জানান, ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে (বিকেএসপি) আরও স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি খুব শিগগিরই কুমিল্লায় একটি বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের ক্রীড়াব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। খুব দ্রুত বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও শুরু করা হবে।
আমিনুল হক বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন দৃঢ় করে। একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া চর্চার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য শুধু বছরের নির্দিষ্ট কোনো সময়ে নয়, বরং সারা বছর ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিসসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন অব্যাহত রাখা হবে।
তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ের পাশাপাশি স্কুল ও কলেজ পর্যায়েও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। দল-মত নির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুশৃঙ্খল জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল অংশ নেওয়ায় এ টুর্নামেন্টটি অত্যন্ত আনন্দ ও উৎসাহের উপলক্ষ তৈরি করেছে। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
১৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC