
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে একটি প্রাইভেটকার ও লবণবাহী কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূরজাহান হোটেলের সামনে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয় বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।
ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি কালো রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নীল-হলুদ রঙের লবণবাহী কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় কাভার্ডভ্যানের সামনের অংশে থাকা একটি বিশেষ বক্স গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে ভেতরে লুকানো অবস্থায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে কাভার্ডভ্যানে থাকা প্রায় ১৫ টন লবণও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার তিনগাছা এলাকার মো. আরজান হোসেন (৩৭), কুষ্টিয়া সদর উপজেলার মো. মোজাহের শেখ (৩৩), সাতক্ষীরার বালিগঞ্জ এলাকার মো. সুরুজ হোসেন (২৬), গাজীপুর সদর এলাকার মো. সোহেল রানা (৪৩) এবং মো. রুবেল (২৮)।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC