বুধবার ৮ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় এনসিপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে মনিটরিং, দালালমুক্ত সেবার আহ্বান

চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - NCP calls for monitoring, broker-free services at Union Parishad and land offices in Comilla
কুমিল্লায় এনসিপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে মনিটরিং, দালালমুক্ত সেবার আহ্বান

কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়ন ও বরকরই ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট ভূমি অফিসে সাধারণ মানুষের সেবার মান যাচাইয়ে দিনব্যাপী মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রমে নেতৃত্ব দেন চান্দিনা উপজেলা এনসিপির আহ্বায়ক আবুল কাশেম অভি।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ মনিটরিংয়ে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন সেবার মান, সময়মতো প্রদান এবং সম্ভাব্য সমস্যাগুলো পর্যবেক্ষণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট চেয়ারম্যান, সদস্য (মেম্বার) ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মনিটরিং টিম।

আবুল কাশেম অভি বলেন, “সাধারণ মানুষের জন্য নির্ধারিত সেবাগুলো দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেওয়া সংশ্লিষ্টদের দায়িত্ব। আমরা চাই মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পায়।”

তিনি দালালমুক্ত সেবা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরাসরি অফিসে এসে সেবা গ্রহণ করুন। কোনো অনিয়ম বা দুর্নীতি চোখে পড়লে প্রমাণসহ প্রশাসন বা আমাদের টিমকে জানান। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

মনিটরিং চলাকালে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা এনসিপির সিনিয়র সদস্য ও মাধাইয়া ইউনিয়নের যুগ্ম সমন্বয়ক শাকিল আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রশক্তির আহাদ, নবাবপুর ইউনিয়নের এনসিপির প্রধান সমন্বয়ক মো. হানিফ মিয়া, বাতাঘাসি ইউনিয়নের যুগ্ম সমন্বয়ক বায়জিদ খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দিনব্যাপী এ কার্যক্রম শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মনিটরিং অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে সরকারি সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

আরও পড়ুন